শিরোনাম

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি সম্মেলনে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও বিমান সদরের পরিচালকবৃন্দ সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কগণসহ সংশ্লিষ্ট এয়ার অফিসারবৃন্দ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন।