বাসস
  ০৫ মে ২০২৬, ১৬:৫৯

রাঙামাটিতে ১টি মালায়ন নাইট হিরন পাখি উদ্ধার

কোলাজ। বাসস

রাঙামাটি, ৫ মে, ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলা থেকে পাচারকালে বিরল প্রজাতির একটি মালায়ন নাইট হিরন পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের ব্যঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয় বলে বাসস’কে নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অফিস সহাকারী ওসমান গণি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি টিম অভিযান চালালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া পাখিটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বাসসকে বলেন, পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মালায়ন নাইট হিরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা টাইগার বিটার্ন নামেও পরিচিত। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের একটি বিরল বক প্রজাতির পাখি। এটি সাধারণত ঘন অরণ্যে বসবাস করে এবং বাংলাদেশের কাপ্তাই জাতীয় উদ্যান অঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।