বাসস
  ০৪ মে ২০২৬, ২২:০৪

ঢাবির হলে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাত্রদলের

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগ পরিচয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী বর্তমান শিবির নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রমাণ হলের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছে শাখা ছাত্রদল।

গতকাল রোববার রাতে হলের গেস্টরুমে ‘গুপ্ত শিবিরের ভণ্ডামির নানা প্রমাণ’ শীর্ষক এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

ছাত্রদলের টাঙানো এসব প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে বর্তমান শিবিরের এসব নেতাকর্মী অতীতে ছাত্রলীগের কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং ছাত্রলীগের দেওয়া সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছেন।

প্রদর্শনীতে অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন- জহুরুল হক হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক মোহম্মদ ইসমাইল সাদিক তাহছিন, জহুরুল হক হল ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান, হল সংসদের কার্যনির্বাহী সদস্য তাসনিম রুবাইয়াত এবং শিবিরের সঙ্গে যুক্ত আরাফ মাহমুদ, মো. হাসান আল বান্না ও মুস্তাকিম রহমান। ছাত্রদলের দাবি, তারা সবাই অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী থাকলেও বর্তমানে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীর এই ব্যতিক্রমী উদ্যোগের নেতৃত্বে ছিলেন জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান এবং যুগ্ম-আহ্বায়ক ওমর আবদুল্লাহ চৌধুরী জিন্নাহ। তাদের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আহ্বায়ক কমিটির সদস্য তকিবুর রহমান, জাহিদুল ইসলাম মাহিন ও হাসিবুল আলম তাহিন। এছাড়া কর্মীদের মধ্যে তরিকুল ইসলাম সিয়াম, ইয়ামিন মোল্লা, শাকিল আহমেদ, খালিদ আবদুল্লাহ, তামজিদ, পলাশ, আপন, মাহিম, রাফি ও সাব্বির এ কার্যক্রমে অংশ নেন।

এ বিষয়ে জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামসুল হক আনান বলেন, ‘গুপ্ত শিবির ছাত্রলীগের মধ্যে গুপ্ত থেকে গেস্টরুম নিতো এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতো। এগুলো ছিল তাদের নিজেদের ‘বিশুদ্ধ ছাত্রলীগ’ হিসেবে প্রমাণ করার অন্যতম একটি পন্থা। আমরা এই ভণ্ডদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতেই এই দলিলগুলো তুলে ধরেছি।’