বাসস
  ০৪ মে ২০২৬, ১৪:৫২

পটুয়াখালীতে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ 

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। 

আজ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার সকাল ১১টায় গাপন সংবাদের ভিত্তিতে, পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।  

সাব্বির আলম সুজন আরও বলেন, অভিযানে সন্দেহজনক ১টি ইজিবাইক তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ২৯ হাজার ৬০০টি শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। 

এ সময় সিগারেটের প্রকৃত মালিক না পাওয়ায়, কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।