শিরোনাম

খুলনা, ৩ মে, ২০২৬ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্জ্য, মশা ও ধুলামুক্ত সবুজায়ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।
আজ সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘ফিডব্যাক ওয়ার্কশপ অন লোকাল প্রিপিয়ার্ডনেস প্ল্যান (এলপিপি)’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ৩৬টি পৌরসভার প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা বড় হচ্ছে। আবার নতুন নতুন শহর যেমন তৈরি হচ্ছে, তেমনি সড়ক ও ব্রিজের সংখ্যাও বাড়ছে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এলজিইডি’র প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঞ্জু বলেন, কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে গত দুই মাস মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অনুভব করেছি, এ শহরের অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। শুধু খুলনা শহর নয়, দেশের বড় বড় শহরসহ পৌরশহরগুলোও এ সমস্যার বাইরে নেই।
এলজিসিআরআরপি’র ডেপুটি প্রকল্প পরিচালক আবু ইউসুফ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হুসাইন মজুমদার, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও কনসালট্যান্ট টীম লিডার মোজাক্কা জাহের।
কেসিসি’র প্রকৌশলীসহ খুলনা বিভাগের ৩৬টি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।