শিরোনাম

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস) : জাতীয় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একটি গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)’র আওতায় ডিএনসিসি এলাকায় গত ১২ এপ্রিল থেকে শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এমআর টিকা প্রদান করা হচ্ছে।
ক্যাম্পেইনের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে আজ গুলশান-২ এ অবস্থিত ডিএনসিসি নগর ভবনে এ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ডিএনসিসি’র আওতাধীন এলাকার ইমাম, পুরোহিত ও পাদ্রীগণ অংশগ্রহণ করেন।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিরাও এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
তিনি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কর্মসূচির সময়সূচি, এর প্রয়োজনীয়তা ও টিকাদান কেন্দ্রসমূহের অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব।
সভায় আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা অপপ্রচার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে আশা প্রকাশ করা হয় যে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর প্রচার ও সাফল্য আরও বৃদ্ধি পাবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।