বাসস
  ০৩ মে ২০২৬, ১২:৩৮
আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৪৩

অরল্যান্ডো বিমানবন্দর থেকে দেশের পথে লিমনের মরদেহ

জামিল আহমেদ লিমন। ফাইল ছবি

ঢাকা, ০৩ মে, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি ছাত্র জামিল আহমেদ লিমনের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন দেশের পথে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মে সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহবাহী কফিনটি পাঠানো হয়েছে।

মিয়ামিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং কনসাল থোয়িং এ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করেন।

মরদেহটি দুবাই হয়ে কাল সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিস্থ বাংলাদেশ কনসাল জেনারেল অফিস নিহতের পরিবার, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে সব ধরনের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে।

এর আগে ৩০ এপ্রিল জোহর নামাজের পর ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, পরিবারের সদস্য, কনস্যুলার কর্মকর্তা, সংবাদকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এদিকে, ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করার পর মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার পরিবারের সম্মতি নেয়। এরপর মরদেহটি একই ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিস্থ বাংলাদেশ কনসাল জেনারেল অফিস যৌথভাবে কাজ করছে।