শিরোনাম

চট্টগ্রাম, ২ মে, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি থাকুক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা।
আজ শনিবার রাতে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার ৩৫তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এছাড়া, আজ বিকেলে চট্টগ্রাম বিভাগীয় ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
সিলেট থেকে একযোগে দেশব্যাপী এই কর্মসূচির মূল উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।
এর আগে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর খুব কম দেশেই আমাদের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়। মীর হেলাল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও অত্যন্ত দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সংসদের সমাপনী বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে।
শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলাম হিসেবে ক্রীড়া বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ শৈল্পিক অ্যাক্টিভিটিস থাকবে। এর ফলে বেসিক এডুকেশনের সাথে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।
তিনি আরও যোগ করেন, আমরা স্কিল বেইজড, নলেজ বেইজড এবং নিড বেইজড এডুকেশনের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।