শিরোনাম

খুলনা, ২ মে, ২০২৬ (বাসস) : নগরীতে পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আকিজ বাই সাইকেল র্যালী এবং ‘স্টান্ট শো’ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
গতকাল শুক্রবার দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত আকিজ বাই সাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিইস্টের সহযোগিতায় খুলনা বিভাগের প্রথম ‘স্টান্ট শো’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরআগে একটি সাইকেল র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি এসে শেষ হয়।
কেসিসি প্রশাসক আরো বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। সেই সঙ্গে বায়ুদূষণ যেমন কমবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। ‘স্টান্ট শো’ প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।
চোখ ধাঁধানো ‘স্টান্ট শো’ দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত সবাই। পরে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানার আপকে ২৫শ' টাকা এবং ২য় রানার আপের হাতে ১৫শ’ টাকার পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ এবং সায়েদ খান।
অন্যান্যের মধ্যে নড়াইল সাইক্লিস্ট, নোওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট, অভয়নগর সাইক্লিস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন রেজাউর রহমান (এডমিন), কাজী সাদিক (এডমিন) সহ খুলনা সাইক্লিইস্টের পরিচালনা কমিটি।