বাসস
  ০১ মে ২০২৬, ২৩:২৫

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে হিমাগার ও চিপস কারখানা তৈরি করা হবে : আব্দুল বারী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: বাসস

জয়পুরহাট, ১ মে, ২০২৬ (বাসস) : উত্তরবঙ্গের উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার হিমাগার ও আলুর চিপস কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, কৃষকের উৎপাদিত আলু যাতে নষ্ট না হয় এবং তারা যাতে ন্যায্য দাম পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি হচ্ছে শ্রমিকের পেশা। সেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়েও একজন লরি চালকের আয় বেশি হতে পারে। অর্থাৎ যার কায়িক শ্রম যত বেশি, তার মূল্যায়নও তত বেশি।

তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে হতদরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দুই কোটি ৭০ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা আর্থিক ও উপকরণ সহায়তা পাবেন।

তিনি জানান, আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ধরনের ব্যাগ, পোশাক ও জুতা দেওয়া হবে, যাতে শিশুরা ছোটোবেলা থেকেই বৈষম্যের শিকার না হয়।

কালাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, মো. রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল প্রমুখ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা ও পৌর শ্রমিকদল, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।