বাসস
  ০১ মে ২০২৬, ১৯:৩৩

এসএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবি এআই দিয়ে তৈরি : বাংলাফ্যাক্ট

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস) : চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্ন  ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ৩০ এপ্রিল এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের একটি দাবি ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ২৯ এপ্রিল ওই দাবির স্বপক্ষে একটি ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এসএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত এআই দিয়ে তৈরি। ২০২৫ সালের এসএসসির ঢাকা বোর্ডের প্রশ্নের ছবিকে এআই-এর মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।