বাসস
  ০১ মে ২০২৬, ০০:৫২

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে হার্টে সিআরটি ডিভাইস স্থাপন

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এই প্রথম একজন রোগীর হার্টে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপন করা হয়েছে। ছবি: বাসস

দিনাজপুর, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস): দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এই প্রথম একজন রোগীর হার্টে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বাসসকে এই তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে একজন রোগীর হার্টে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপন করেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডা. মো. মেসবাহউল ইসলাম।

তিনি জানান, নওগাঁ জেলার ধামুরাই হাট এলাকার মো. জামাল উদ্দিন (৬৮) এর হার্টের মধ্যে সিআরটি ডিভাইস বসানোর মাধ্যমে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে চিকিৎসা সেবায় নতুন মাইলফলক স্পর্শ করেছে। 

ডা. মো. মেসবাহউল ইসলাম বলেন, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি ডিভাইস) হলো হার্ট ফেইলরের রোগীদের জন্য একটি বিশেষ ধরনের ডিভাইস, যা হার্টের নিচের দুটি প্রকোষ্ঠের (ভেন্ট্রিকল) কাজের মধ্যে সমন্বয় ঘটায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এটি সফলভাবে শরীরে স্থাপন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডিয়াক পদ্ধতি। এটি একটি ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রক্রিয়ার মাধ্যমে হৃদপিণ্ডের সাথে মেশিনটি সংযুক্ত করা হয়।

তিনি বলেন, সিআরটি ডিভাইস বসানোর ফলে রোগীর হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বাড়ায়, শ্বাসকষ্ট কমে, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো কমে আসে এবং জীবনযাত্রার মান উন্নত হয় ও রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

মো. জামাল উদ্দিন জানান, তার শরীরে সিআরটি ডিভাইস বসানোর ফলে তার শ্বাসকষ্ট, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো অনেকটা কমে এসেছে। বর্তমানে তিনি অনেক সুস্থ বোধ করছেন।