শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস): জাপানি ভাষা দক্ষতা পরীক্ষার (জেএলপিটি) নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে জাপানিজ ইউনিভার্সিটিজ এ্যালামনাই এসোসিয়েশন ইন বাংলাদেশ (জেএইউএবি) এবং কাইকোম কো. লিমিটেডের মধ্যে প্রযুক্তিগত সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে জেইউএএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
জেইউএএবি’র পক্ষে সংগঠনের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এ. টি. এম. জাফরুল আযম এবং কাইকোম’র পক্ষে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস চুক্তিতে স্বাক্ষর করেন।
জেইউএএবি জানায়, জাপান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি পেশাজীবীদের এ সংগঠনটি একটি অরাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এর সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
সংগঠনটি জাপানি ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারের পাশাপাশি জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশে জাপান এ্যাম্বাসির সহযোগিতায় দীর্ঘদিন ধরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে জেইউএএবি’র সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ আবদুল্লাহ খান, কোষাধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ ভূইয়ানসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এবং কাইকোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউএএবি নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই প্রযুক্তিগত সহযোগিতার ফলে দেশে জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য জেএলপিটি নিবন্ধন প্রক্রিয়া ভবিষ্যতে আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।