বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

ক্রীড়াঙ্গনে নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে সমন্বিত, আধুনিক ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ক্রীড়াঙ্গনে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বড় পরিসরের আয়োজন নির্বিঘœ করতে আজ বৃহস্পতিবার আনসার ও ভিডিপি’র সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু যেমন বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদারে ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।

এই সমঝোতা স্মারক দেশের ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফলে আন্তর্জাতিক মানদ-ে নিরাপত্তা নিশ্চিত করা সহজতর হবে। বিদেশি দল, কর্মকর্তা ও দর্শনার্থীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটি নিরাপদ ও বিশ্বস্ত গন্তব্য হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে। পাশাপাশি বৃহৎ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় একটি টেকসই, আধুনিক ও বিশ্বমানের নিরাপত্তা অবকাঠামো গড়ে ওঠার পথ সুগম হবে।

উল্লেখ্য, ঢাকার মিরপুর, কক্সবাজার এবং সিলেট স্টেডিয়ামে ইতোমধ্যে ১০৭ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদ (অব.)।