বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪৪

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। 

এতে বলা হয়, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।