বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:০৩

বিএমএসআরআই’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের অন্যতম চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

আজ বৃহস্পতিবার সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এক্সিকিউটিভ কমিটির (ইসি) এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) দেশের চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য ও আধুনিক মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করা একটি অন্যতম বেসরকারি গবেষণা ও শিক্ষামূলক সংস্থা। 

দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা শিক্ষা, দক্ষ জনবল তৈরি ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে।

বিএমএসআরআই’র অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে চলমান রয়েছে।

বিএমএসআরআই’র নির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। 

চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা বিএমএসআরআই’র অধীনে থাকা কলেজ ও হাসপাতালগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার পরিবেশ সুসংহত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।