বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ডিজিএফআই’র সাবেক কোয়ার্টার বিষয়ক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

চার দিন রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।

গত ২১ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।