বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৩১
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২০:২৫

রাজধানীতে বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার

ছবি : বাসস

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে। 

আজ বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। এর আগে, মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- মো. সালমান হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪১), মো. আশানুর (২৮), মো. হাসান (৩১) ও ময়ুরী (২৪)।

পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আবুল কালামকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানার শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মরনীর পিডব্লিউডি স্টাফ কোয়াটার্স এলাকায় অভিযান চালিয়ে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। এসময় তার হেফাজত থেকে ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

একইদিন সকালে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। এছাড়া, ওইদিন সকালে রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো. হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। এসময় তাদের কাছে ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।