শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে এসব ফ্ল্যাটের চাবি পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।
আজ মঙ্গলবার বিকেলে গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প এবং গাবতলী বাস টার্মিনাল এলাকার বাইপাস সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক জানান, ১৫ তলা বিশিষ্ট ৪টি ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ৫৬০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে আধুনিক বসবাসের সব সুবিধা থাকবে। ভবনের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার এক্সিট ও ফায়ার প্রিভেনশনসহ আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া প্রতিটি ভবনে ৬টি করে লিফট এবং আবাসন কমপ্লেক্সে স্কুল, মসজিদ, সবুজায়ন ও উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে নির্মিতব্য বাইপাস সড়কের কাজ পরিদর্শনকালে প্রশাসক বলেন, আন্তঃজেলা বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যানচলাচল নির্বিঘœ করতে শহরের ভেতরের অবৈধ টিকিট কাউন্টারগুলো উচ্ছেদে ডিএনসিসি কঠোর অবস্থানে রয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ঈদযাত্রা নির্বিঘœ করার বিষয়টি বিবেচনায় নিয়ে হাটের স্থান নির্বাচন করা হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাই হাটের ইজারা পাবেন।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।