বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ০০:০১

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

ছবি : আইএসপিআর

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট রোববার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

এতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসহ দুটি সুসংগঠিত অভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযান কালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। 

পরে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

সার্বিক নজরদারি বৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।