বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ২৩:০৬

শিক্ষার মানোন্নয়ন ও বহুমুখী প্রতিভা বিকাশ জরুরি : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ সোমবার তার নির্বাচনী এলাকা দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন । ছবি : জাতীয় সংসদ

সংসদ ভবন, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়। শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ সোমবার তার নির্বাচনী এলাকা দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানা দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। সে লক্ষ্যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে।

এ সময় ডেপুটি স্পিকার জানান, কলেজের হোস্টেল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি। এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষকসংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে।