শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : গ্রামীণ পর্যায়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এ লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা জনপ্রিয় করার উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে পরিচ্ছন্ন ধারণার জন্য প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
আজ রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলনকক্ষে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত ব্যবস্থা জনপ্রিয়করণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সহজপ্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় প্রকল্প)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। কর্মশালার কারিগরি পর্বে প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যানালিস্ট এনামুল হক এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাম্মীনাজ আলমের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু‘মেন, ইউএনডিপি’র সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহামুদ এবং প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের গঠন, কার্যপরিধি, আইনি ভিত্তি, অধিক্ষেত্র, বিচারপ্রক্রিয়া, বিরোধ নিষ্পত্তির ধাপসমূহ, মামলা গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি এবং মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা কেস স্টাডি এবং অভিজ্ঞতা আলোকে গ্রাম আদালতের সুফল এবং স্থানীয় পর্যায়ে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির পরিসংখ্যান তোলে ধরেন।
বক্তারা গ্রাম আদালত ব্যবস্থার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং কার্যকর যোগাযোগ কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরেন। তারা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রচার কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনগণ অংশগ্রহণ করেন।