বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ২২:৪৭

শাহজালাল টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের পরিকল্পনা : বেবিচক চেয়ারম্যান

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি দ্বিতীয় একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দেওয়া হবে, যাতে প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেবার মান উন্নত করা যায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

আজ বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি)’র সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘দ্বিতীয় অপারেটর নিয়োগ দেওয়া হবে, যা গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে।’

তিনি আরও জানান, সুমিতোমো কর্পোরেশন নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের হাতে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন করার ক্ষমতা থাকবে।

২০২৪ সালের অক্টোবরে নবনির্মিত তৃতীয় টার্মিনালে দুই বছরের প্রাথমিক মেয়াদে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে বিমান নিজস্ব ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশে পরিচালিত সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে, যার মাধ্যমে বছরে প্রায় ১ হাজার কোটি থেকে ১ হাজার ২০০ কোটি টাকা আয় হয়।

সিএএবি চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিটি বাংলাদেশের স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে।

তিনি বলেন, ‘চুক্তিটি হবে ন্যায্য। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে নয় দফা আলোচনা করেছি।’

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হতে পারে, যদিও আলোচনায় অগ্রগতি থাকলেও কিছু বিষয় এখনো বাকি রয়েছে।

টার্মিনাল উদ্বোধনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, আলোচনা শেষ হওয়ার পর চুক্তি স্বাক্ষরে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এরপর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পরীক্ষামূলক পরিচালনা চলবে।

তিনি আরও বলেন, ‘পরীক্ষামূলক কার্যক্রম শুরুর ছয় মাস পর আংশিকভাবে তৃতীয় টার্মিনাল চালু করার আশা করছি।’

তিনি জানান, সরকার ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে।

দীর্ঘ সময় অচল অবস্থায় থাকায় টার্মিনালে স্থাপিত সরঞ্জামগুলোর বিষয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা দিয়েছে এবং জুন ২০২৭ পর্যন্ত সহায়তার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠন ও বেবিচকের সদস্যরা উপস্থিত ছিলেন।