শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আলোচনা হয়েছে।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলির সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সুইজারল্যান্ডের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতা এবং অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই পক্ষ ওষুধ শিল্প, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, নারীর ক্ষমতায়ন এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেছে।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী পয়লা জুন ঢাকায় অনুষ্ঠেয় ষষ্ঠ বাংলাদেশ-সুইজারল্যান্ড পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্রকে আরও উন্নত করতে সহায়ক হবে।
রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় হবে।