শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে তিন নেতার মাজারে অবস্থিত শেরে বাংলার সমাধিতে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অবিভক্ত বাংলার মানুষের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক রাজনীতিতে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তার অবদান জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শেরে বাংলার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের শিক্ষা, বিচার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। কৃষকদের স্বার্থে প্রণীত প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা যুগ যুগ ধরে সুফল পাচ্ছেন।
মানুষের প্রতি শেরে বাংলার অগাধ ভালোবাসা ছিল এবং মানুষও তাকে ভালোবাসতেন উল্লেখ করে তিনি বলেন, শেরে বাংলার ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হয়েছে, যা অনাকাক্সিক্ষত।
ভবিষ্যতে তার যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নজরুল ইসলাম খান।