বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৯:০৫
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিপুল উৎসাহ উদ্দীপনায় আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। 

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। 

এ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য চার জনকে কোস্ট গার্ড পদক, চার জনকে কোস্ট গার্ড (সেবা) পদক, তিন জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও 
তিন জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ১৪ জনকে পদক প্রদান করবেন।

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সুবিশাল উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সম্ভাবনাকে সুরক্ষিত করতে, উক্ত বাহিনী গঠনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুধাবন করে এই বাহিনীর ‘আইনি ভিত্তি’ প্রণয়ন করেন। 

তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি অত্র বাহিনীর গোড়াপত্তন হয় এবং তাঁর প্রত্যক্ষ উপস্থিতিতে ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর শুভ উদ্বোধনের মাধ্যমে অত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

জনগণের প্রত্যাশা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে গড়ে ওঠা এই বাহিনী, প্রায় তিন দশক ধরে অদম্য দেশপ্রেম, অটুট নিষ্ঠা, প্রশ্নাতীত পেশাদারিত্ব ও অসীম সাহসিকতায় উপকূল ও নদী তীরবর্তী মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঐতিহাসিক এই পথচলায় বর্তমানে চারটি জোনে বিভক্ত হয়ে এই বাহিনী-৬৩টি স্টেশন ও আউটপোস্ট, ২৮টি জাহাজ ও ১৩৮টি দ্রুতগামী বোটের মাধ্যমে দেশের বিস্তীর্ণ সমুদ্র ও ২১ জেলার উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ সংরক্ষণ, বন্দর সমূহের নিরাপত্তা, ম্যানগ্রোভ বনাঞ্চলের সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, দুর্যোগকালীন উদ্ধার ও সহায়তা এবং দস্যুতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।