শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। পরে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তৃতায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক সাংবাদিকদের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তাঁর নির্দেশনায় চালু হয়েছিল বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন, তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহ সভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।