শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা এবং তাদেরকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম; নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক প্রকাশিত একটি সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
সংবাদটিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদারীপুরের খাদ্য সরবরাহকারীদের সাথে চুক্তি কেন বাতিল করা হবে না-এ মর্মে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছে। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
এছাড়াও, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।