বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

আজ রোববার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় আজ রোববার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন। এ সময় কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেয়। তখন নৌকায় থাকা জেলে পানিতে ঝাপ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত নৌকা ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।