বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৩

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।ছবি: বাসস

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট|

অ্যাটর্নি জেনারেলের সময় চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্ময়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন|

এর আগে টাস্কফোর্সকে এই মামলার তদন্তে দু’বার ছয় মাস করে সময় দিয়েছিলেন হাইকোর্ট|

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)| বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির| রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ|

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি| সাগর তখন বেসরকারি টেলিভিশন মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন|

ঘটনার পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন| শুরুতে মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ| চার দিন পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি)| পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)|

সর্বশেষ ১২ বছর ৬ মাস ১৫ দিন পর র‌্যাবের কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে|