বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৪

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন আর নেই 

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার মিলন। ফাইল ছবি

মানিকগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার মিলন আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারওয়ার, পুত্র সাবায়ের সারওয়ার ও কন্যা তানজিয়া সারওয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গোলাম সারওয়ার মিলন ১৯৮১-৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে তিনি সুপরিচিত। 

গোলাম সারওয়ার মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত তিনি  মানিকগঞ্জ-৪ আসনের  সংসদ সদস্য ছিলেন। মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সর্বশেষ তিনি জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

তার পুত্র সাবায়ের সারওয়ার জানিয়েছেন, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার বাবার প্রথম জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।