বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ২১:৪১

শহীদ শাহরিয়ারের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ছবি : বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের শ্বশুর শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে 'আমরা বিএনপি পরিবার'।

শহীদুল ইসলামের অসুস্থতার বিষয়ে জানামাত্র প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তারা শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেয় এবং চিকিৎসা সহায়তাও প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার একের পর এক শোকের ভার বহন করছে। তার স্ত্রী ইতোমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন, আর বর্তমানে তার পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও 'আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।