বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ২১:১৬

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের প্রচেষ্টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।

খবর তথ্যবিবরণীর। 

বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৮০০ পোশাক শ্রমিক। 

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। 

আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম। 

অন্যদিকে, শ্রমিকদের পাওনা অর্জিত ছুটির টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমমন্ত্রী বলেন, আমরা আগামীকাল বেলা ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন, আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।

শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং আগামীকালের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন। 

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।