বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৩১

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে : মীর হেলাল 

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শুধু সন্দ্বীপ নয়, বাংলাদেশের উপকূলীয় অনেকগুলো অঞ্চলই ভাঙনের শিকার, সেখানে নানা ধরণের সমস্যা বিদ্যমান। উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। 

তিনি বলেন, চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের অভ্যন্তরে দেদারছে মাটি কেটে নিয়ে যাওয়ার সাথে জড়িত ভূমি দস্যুদের দমনে কার্যকর উদ্যোগ নেয়া হবে। সন্দ্বীপের মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।  

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে ‘সন্দ্বীপের এপ্রিল ট্র্যাজেডি: উপকূল বাঁচাতে এখনই সিদ্ধান্ত’ শীর্ষক ‘উপকূলীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় ভাঙনের শিকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

উপকূলীয় জনপদ সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের বেদনা, শোক ও আতঙ্কের স্মৃতিকে সামনে রেখে দূর্যোগ প্রতিরোধ, নিরাপদ নৌ ব্যবস্থা ও টেকসই উপকূল গঠনের লক্ষ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে যৌথভাবে ‘উপকূলীয় সংলাপ’ অনুষ্ঠানের আয়োজন করে আমরা সন্দ্বীপবাসী, হিউম্যান টুয়েন্টিফোর ও বেসরকারি উন্নয়ন সংস্থা-ইপসা। 

প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়ন কারও কোন দয়া-দাক্ষিণ্য বা কারো অনুগ্রহের ব্যাপার নয়। এলাকা ও জনমানুষের জীবনমান উন্নয়নের জন্য জনগণ আমাদেরকে ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছে। 

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরও বলেন, সন্দ্বীপের বিভিন্ন সেক্টরের উন্নয়নের জন্য আপনাদের দাবিগুলো আপনাদের অধিকার। এই অধিকারকে আমি সম্মান করি। অধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সন্দ্বীপ নয়, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যদি কেউ আমাকে বলে, তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো। 

এ সময় তিনি বলেন, আমরা যদি সকলে মিলে দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টাকে সমুন্নত রাখি, মানুষের সেবা করার যে উদ্দেশ্য সেটা নিয়ে যদি সবাই কাজ করি, অবশ্যই আমরা একটি উন্নত, সমৃদ্ধ, সহনশীল ও মানবিক রাষ্ট্র উপহার দিতে পারব। 

‘উপকুলীয় সংলাপ’ অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসা নানা দূর্ভোগ ও অনিয়মের বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী এসব ক্রমান্বয়ে দূর করার আশ্বাস দিয়ে বলেন, আমাদেরকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে মানুষের জীবনমান কিভাবে উন্নত করা যায়, কিভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সহনশীল ও মানবিক সমাজ বিনির্মাণ করা যায়। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই প্রচেষ্টায় আছি আমরা।

সন্দ্বীপের সরকারি দুটি স্কুলে শিক্ষক স্বল্পতা ও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নেই- সংলাপে অংশগ্রহণকারীদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সারা দেশের প্রতিটি জায়গাতে একই সমস্যা। তবে এই সব আর চলবে না, যার যেখানে পোস্টিং হচ্ছে, তাদের ওখানে অবশ্যই যেতে হবে আর এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে। 

এ সময় মীর হেলাল আরও বলেন, বাংলাদেশকে ১৭ বছরে যেভাবে নিঃশেষ করে দিয়ে গেছে, যেভাবে দেশের সম্পদ লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা আপনারা ইতোমধ্যেই জেনেছেন। 

তিনি বলেন, আসলে দেশের অবকাঠামো উন্নয়ন করার মত অর্থ তারা রেখে যায়নি। আমরা তাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। 

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে প্রান্তিক জনগণের উন্নয়ন সাধন করতে হবে এবং সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কর্মযজ্ঞ শুরু করেছেন। 

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি বাংলাদেশের ১০ লক্ষ কৃষককে ১২ হাজার কোটি টাকা পরিমাণ ঋণ মওকুফ করে দিয়েছেন। 

তিনি আরও বলেন, আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি, তবে বাংলাদেশ সামগ্রিকভাবে উন্নত ও সমৃদ্ধ হবে। সেই কর্মযজ্ঞে সন্দ্বীপসহ উপকুলীয় অঞ্চলও অন্তর্ভূক্ত রয়েছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে।

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে সংলাপে উদ্বোধনী বক্তব্য রাখেনÑ উপকূল ও দ্বীপ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন পরিষদের মুখ্য সমন্বয়কারী মো. আমিনুর রসুল। 

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন- সিপিআরডি’র নির্বাহী পরিচালক মো শামসুদ্দোহা, বাপা’র যুগ্ন সম্পাদক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার। 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা’র উপ-পরিচালক মোহাম্মদ আলী শাহীন প্রমুখ।