বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

জেলা পরিষদের বেদখল জমি উদ্ধার করা হবে : জেলা পরিষদ প্রশাসক

জেলা পরিষদের প্রশাসক ইয়াসীন ফেরদৌস মুরাদ আজ দুপুরে ঢাকা জেলা পরিষদের বেদখল জমিসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

সাভার, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা জেলা পরিষদের দখল হয়ে যাওয়া সকল সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসীন ফেরদৌস মুরাদ।

আজ দুপুরে ঢাকা জেলা পরিষদের বেদখল জমিসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ঢাকার ২০টি সংসদীয় আসনে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জেলা পরিষদকে মডেল পরিষদ হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, রাতের ভোটের বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের নেতা-কর্মীরা জেলা পরিষদের প্রায় ৪০৭ একর জমি-জমা দখল করে রাখায় বিগত দিনগুলোতে এ থেকে কোনো রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে জেলা পরিষদ। 

তিনি আরো বলেন, এসব জমি উদ্ধারের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিসহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের কথা বিবেচনায় এনে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।

এসময় ঢাকা জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।