বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৩:৩৭
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

কলাবাগান এসটিএস'র নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শনিবার বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ শুভ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আজ (শনিবার) এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন, ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে অতীতে এখানে সৃষ্ট দুর্গন্ধ ও যানজটে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হতো। সেই সমস্যাগুলো পেছনে ফেলে এখন থেকে এটি নান্দনিক স্থাপনায় পরিণত হল।

তিনি আরও জানান, জনগণের সহযোগিতা পেলে এই মডেল অনুসরণ করে ডিএসসিসি’র প্রতিটি এসটিএস-কে পর্যায়ক্রমে নান্দনিক রূপে সাজানো হবে।

এরপর ধানমন্ডি লেক ও সংলগ্ন এলাকায় বিশাল আকারে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের মোট ৬শ’ কর্মী এতে অংশ নেন।

এসময় আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতু; রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী তার বক্তব্যে ডিএসসিসি’র সাম্প্রতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ধানমন্ডি লেককে ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়াম ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার 'ফুসফুস' খ্যাত লেকটিকে রক্ষা করবে ডিএসসিসি। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির দৃশ্যমান উন্নতি হয়েছে।

শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন, বর্তমান প্রশাসকের কঠোর তৎপরতার কারণেই মশা নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রম গতিশীল হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে ধানমন্ডি লেকের পরিবেশ ও ভারসাম্য সংরক্ষণ করা হবে। লেকের যতটুকু জায়গা ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের ঠিক ততটুকু সীমানার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, শর্ত ভঙ্গ বা সীমানা লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ইজারা বাতিল করা হবে।

মূল অভিযানের পূর্বে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ধানমন্ডি সোসাইটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।