বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ২১:১৮

রাজধানীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ। গতকাল বিকেলে খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল (৪১) ও মো. ইউনুছ মিয়া (৫২)।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মাদক বিক্রির জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ফয়সাল ও ইউনুছ নামে দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। 

এসময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলক্ষেত থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।