বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:১০
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৫২

দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান বাংলাদেশের

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : দক্ষিণ এশিয়ার ২০০ কোটির বেশি মানুষের কল্যাণে দৃশ্যমান, কার্যকর ও সহনশীল আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালেতে ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে ‘এসডিআর ২০২৫: শেপিং দ্য ফিউচার টুগেদার ফর আ রেজিলিয়েন্ট সার্ক’ শীর্ষক প্রথম সার্ক উন্নয়ন প্রতিবেদন চূড়ান্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
মালদ্বীপ সরকার বৈঠকের আয়োজন করে। এতে প্রশাসনিক সহায়তা দেয় সার্ক সচিবালয় এবং আর্থিক ও কারিগরি সহায়তা দেয় এশীয় উন্নয়ন ব্যাংক।

মালদ্বীপের অর্থ ও সরকারি উদ্যোগবিষয়ক উপমন্ত্রী আলী রশিদ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও উন্নয়নসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন।

প্রতিনিধিরা নিজ নিজ দেশের উন্নয়নসংক্রান্ত দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেন। একই সঙ্গে অভিন্ন ঝুঁকি মোকাবিলা, সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গভীরতর আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশের পক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক অনুবিভাগের মহাপরিচালক ও সার্কের জাতীয় ফোকাল পয়েন্ট এস. এম. মাহবুবুল আলম বৈঠকে অংশ নেন।

আলোচনায় বাংলাদেশ সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার বিষয়ে জোরালো গুরুত্বারোপ করে। অন্যান্য সদস্য রাষ্ট্রও একটি দৃশ্যমান, কার্যকর ও সহনশীল আঞ্চলিক সংস্থার পক্ষে একই ধরনের মতামত ব্যক্ত করে।