বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২২:২৭

বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র ভবন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এটি পল্টন, সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থকেন্দ্রে এসে শেষ হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রকাশক প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত গ্রন্থাগার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস পালিত হয়।