শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ ( বাসস) : দেশের এভিয়েশন ও পর্যটন খাতের নানা দিক তুলে ধরে আগামী ২৫ এপ্রিল (শনিবার) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)’।
শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ‘ফান রান’ অনুষ্ঠিত হবে। বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত এক হাজারের বেশি রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের সার্বিক দিক তুলে ধরা হয়।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবির উদ্যোগে এ আয়োজনে গত বছরের মতো এবারও টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই হিসেবে থাকছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে। এর আগে এটিজেএফবি দেশের পর্যটন শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো এ রান আয়োজন।
‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’-এর সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এটিজেএফবির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন, ইউ বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, নভোএয়ারের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সোহেল মজিদ।
এবারের রানে বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-মালদ্বীপ- ঢাকা এবং ঢাকা-ব্যাংকক- ঢাকা রিটার্ন টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, গত বছরও আমরা এই আয়োজনে সম্পৃক্ত ছিলাম। আমরা চাই আয়োজকরা আগামীবছর আন্তর্জাতিক রান আয়োজন করবেন। ভবিষ্যতেও রিদম গ্রুপ এই আয়োজনের সঙ্গে থাকবেন বলে জানান তিনি।