শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ থেকে ২৯ এপ্রিল দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা হতে আনোয়ারা' অথবা 'আনোয়ারা টু পতেঙ্গা' টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।
এসময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে সম্মানিত যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।
কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।