বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান  

আজ চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত। 

তিনি আজ চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেছেন। 

বাংলাদেশ প্রেস কাউন্সিল আজ চুয়াডাঙ্গা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা পেশাদার সাংবাদিকতার প্রধান শর্ত। তারাই সাংবাদিক হিসেবে পরিচিত হবে যারা তাদের নীতি নৈতিকতা ও পেশাগত মান মর্যাদা অক্ষুন্ন রাখবে। সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রচারের মাধ্যমেই দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর প্রশংসা করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় তথ্যের সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। হলুদ সাংবাদিকতা বর্জন, তথ্যের বস্তুনিষ্ঠতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ে সচেতন করেন তিনি।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। 

তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়। কর্মশালায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।