বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:২৮

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

ছবি : আইএসপিআর

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২২ এপ্রিল মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 'দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬ এক্সিবিশন' এ অংশগ্রহণ করে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।

পাশাপাশি, ‌‘আসিয়ান সিকিউরিটি অ্যাট দ্য এজ অব ইমার্জিং টেকনোলজিস’ এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত অষ্টম পুত্রজায়া ফোরাম এ অংশগ্রহণ করেন। এ ছাড়া, তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ১৯ এপ্রিল তারিখে সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।