বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১৯

বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, গ্রেফতার ৩

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণ সামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ তিন জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। 

গতকাল বুধবার বিএমইউ হাসপাতাল প্রাঙ্গন ও রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  
গ্রেফতারকৃতরা হলোÑ আল মামুন সরকার (৩৩),  মো. মামুনুর রশীদ (৪০) ও  মো. মাসুম বিল্লাহ (৩৫)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণ সামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে কতিপয় ব্যক্তি চুরি করে নিয়ে যায়। 

এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। 

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। 

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকায় থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি মিনি ট্রাক নির্মাণ সামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণ সামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।