বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:১৫

মুন্সিগঞ্জে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা 

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। 

দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মাতে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। 

মেডিক্যাল ক্যাম্পে ৪১৩ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।