বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ২১:২২

ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ডিএনসিসির ফ্রিজার ভ্যান প্রদান

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬ (বাসস): নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ব্যবহারের জন্য প্রদান করেছে। এটি হাসপাতালের মরদেহ পরিবহনের জন্য ব্যবহার করা হবে।

আজ ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে এক অসহায় পিতার যানবাহনের জন্য অপেক্ষারত একটি ছবি সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ডিএনসিসির প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এই নির্দেশনা দিয়েছেন।

প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থিত হলেও এর কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালনা করছে। এমনকি হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ডিএনসিসির প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই।

শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন নাগরিকদের সহায়তার জন্যই কর্পোরেশন মানবিক এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএনসিসি কর্তৃপক্ষ।