বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ২০:২৩

যশোরে ৯০০ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক 

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি আভিযানিক দল।   

বিজিবি জানায়, আটকের সময় ওয়াজিদ আলীর কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট), সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরে যাতায়াত করেছেন। সর্বশেষ তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই থেকে দুবাই গমন করেন এবং পরবর্তীতে দুবাই হয়ে ঢাকায় এসে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন। বর্তমানে জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবি সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নে দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ ও প্রস্তুত রয়েছে। 

তিনি বলেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানান।