শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস): বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর মাহবুবুর রহমান ছিলেন আমার প্রথম দিকের একজন ঘনিষ্ঠ সহকর্মী, যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে যে মন্ত্রী ও আমলাদের মধ্যে মতপার্থক্য থাকে। কিন্তু মাহবুবুর রহমানের সঙ্গে কাজ করতে গিয়ে আমি সবসময় আন্তরিক সহযোগিতা পেয়েছি। তিনি কখনো নেতিবাচক মনোভাব পোষণ করতেন না, বরং সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন।
মন্ত্রী বলেন, মাহবুবুর রহমানের একটি বিশেষ গুণ ছিল— তিনি কখনো সহকর্মী বা অন্য কোনো কর্মকর্তা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেন না। সমালোচনা করা খুব সহজ, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। এটি তার অসাধারণ ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ।
খন্দকার আব্দুল মুক্তাদির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ব্যস্ত কর্মসূচির মধ্যেও মাহবুবুর রহমান সবসময় দায়িত্ব পালনে নিবেদিত ছিলেন। এমনকি রাত সাড়ে নয়টা পর্যন্ত কাজ করেও তিনি আমার সাথে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে যেতে দ্বিধা করেননি। দেশের মানুষের স্বার্থে তার এই নিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব ) মো. আবদুর রহিম খান, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, সাবেক সচিব মাহবুবুর রহমানের সহধর্মিণী ফারহানা আলম এবং বড় ভাই লুৎফর রহমান স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা মাহবুবুর রহমানের পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মরণসভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।