বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৮:৩৪

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার

ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার (কুস্তি প্রতিযোগীতা) ১১৭তম আসর বসছে আগামী ২৫ এপ্রিল (শনিবার) নগরীর লালদীঘি মাঠে। 

পাশাপাশি লালদীঘি মাঠ ও আশপাশে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসবে। এই মেলা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষ্যে  সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। 

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) লাইব্রেরি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আবদুল জব্বার সওদাগর এ বলী খেলার সূচনা করেন। এরই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, মেলা কমিটির পক্ষ থেকে লালদিঘী মোড়কে জব্বারের মোড় করার দাবি জানানো হয়। আমি ইতিহাস ঐতিহ্যের কথা মাথায় রেখে, এই চত্বরকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি।

এদিকে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দান সংলগ্ন মোড়কে ‘আবদুল জব্বার চত্বর’ নামে নামকরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 

বলীখেলার প্রবর্তক আবদুল জব্বার সওদাগরের নামে চত্বরটির নামকরণ করা হয় এবং সেখানে স্থাপন করা হয়েছে বলীখেলা স্মারক টেরাকোটা শিল্পকর্ম। 

বুধবার দুপুরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে চত্বরটির উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলন জানানো হয়, এবারের ১১৭তম জব্বারের বলীখেলায় উদ্বোধক থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 

সংবাদ সম্মেলন আরও জানানো হয়, জব্বারের বলীখেলাকে ঘিরে ২৪ এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু হবে। এসএসসি পরীক্ষার বিষয়টিকে বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল রোববার ভোরের মধ্যে মেলা শেষ হবে।

এ সময় আরও জানানো হয়, মেলা ও বলীখেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিএমপি ও র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। এছাড়া মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, লালদীঘি মাঠে বলীখেলার জন্য মূল রিং স্থাপন করা হবে। নগরীর কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা, সিনেমা প্যালেস ও বদরপাতি এলাকা ঘিরে বসবে বৈশাখী মেলার শতাধিক স্টল। শিশুর পুতুল-খেলনা থেকে শুরু করে খাবার, হস্তশিল্প, পোশাক ও কসমেটিকসহ নানান সামগ্রী পাওয়া যাবে এই মেলায়।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বলীখেলার ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তারা কাজ করছেন। 

একইসঙ্গে মরহুম আবদুল জব্বার সওদাগরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান ও চট্টগ্রামে একটি বলি খেলা একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান তারা।