বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

নওগাঁয় উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর

ছবি: বাসস

নওগাঁ, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পোরশা উপজেলা থেকে উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ দুপুরে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমানের কাছে এটি হস্তান্তর করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের রহমতের বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। যার উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি। ওজন প্রায় ১৩৭ কেজি।

১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী জব্দকৃত আলামত প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রাণাধীন প্রতিষ্ঠানে নির্দেশনার জন্য গত ১ মার্চ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত বিষ্ণুমূর্তিটি পরিচালক বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী বরাবরে হস্তান্তরের জন্য ১২ মার্চ আদেশ প্রদান করেন।

আদেশের প্রেক্ষিতে আজ দুপুরে পোরশা থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষ্ণুমূর্তিটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।